বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

রুমিনের বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল, গালাগালির অভিযোগ

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
09 Sep, 2026 10:02 PM 3 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই করে প্রতিবাদ জানান। এ সময় তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগালি করা হয়েছে বলে অভিযোগ করেছেন রুমিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) বিল পাসের আলোচনায় এই ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য সংসদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

বিলের আলোচনায় রুমিন বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ–সারের সংকট থাকবে না-এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি, ঋণখেলাপি ও অর্থনৈতিক অনিয়ম বাড়বে।’

এতে বিএনপির সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। রুমিন বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। বিএনপি আরও খারাপ আচরণ করছে।’

সরকারি দলের সদস্যদের হট্টগোলের মধ্যেই রুমিন বলেন, ‘এই সংসদে বেশির ভাগ সদস্যই ঋণখেলাপি হিসেবে পরিচিত।’

নির্ধারিত সময় শেষ হলে রুমিনের মাইক বন্ধ করে দেওয়া হয়। তখনও তিনি মাইক ছাড়া কথা বলেন এবং গালাগালির অভিযোগ করেন। এ সময় এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদও দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘সংসদ সদস্যের বক্তব্য প্রদানে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির বাইরে।’

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘রুমিন কী বলেছেন, আমরা বুঝতে পারিনি।’

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘সংসদে সমস্যার সমাধান চাই, কিন্তু নিজেরাই সমস্যা তৈরি করা ঠিক নয়।’

ডেপুটি স্পিকার চিফ হুইপকে বলেন, ‘হাউসের শৃঙ্খলা রাখা আপনার দায়িত্ব।’

পরে অর্থমন্ত্রী আমির মাহমুদ চৌধুরী বলেন, ‘একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক আলোচনা এখানে চলে এসেছে।’

রুমিন ফারহানা বলেন, বিএনপির সংসদ সদস্যরা তাকে অশালীন ভাষায় গালাগালি করেছেন। চিফ হুইপের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ট্যাগ: জাতীয়