বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

ইতালিতে বাঁধনের ওপর হামলা ও হেনস্তায় জড়িত যারা

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
09 Sep, 2026 06:21 AM 5 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

‘এই যে জুলাই জঙ্গি, ভেনিসে আসছে... এই ডিম আনো, ডিম আনো। আমরা এই দেশদ্রোহী জঙ্গিকে গোসল করিয়ে দিয়েছি।’—এলোপাতাড়ি চিৎকার আর হট্টগোলের মধ্যে এভাবেই আক্রমণ করা হচ্ছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। ভীতসন্ত্রস্ত কণ্ঠে বাঁধনকে বলতে শোনা যায়, ‘বাচ্চা আছে আমার। কী করছেন এগুলো?’ কিন্তু হামলাকারীরা তাতে কর্ণপাত না করে উল্টো জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিরা মূলত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালানো এসব নেতা-কর্মী ইতালিতে বসে জুলাই অভ্যুত্থানের পক্ষের সংস্কৃতিকর্মীদের ওপর চড়াও হচ্ছেন।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বাঁধন জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে গেলে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। তাঁরা গায়ে কোক, ডিম ও পানি ছুড়ে মারার পাশাপাশি তাঁকে শারীরিকভাবে আঘাত করেন এবং তাঁর মুঠোফোন ছুড়ে ফেলেন। তবে এত কিছুর পরও শক্ত অবস্থানে থেকে এই অভিনেত্রী বলেছেন, ‘আমাকে দমানো সহজ নয়।’

হামলায় জড়িত কারা?

ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সূত্রে হামলায় জড়িত মূল কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে:

লাইভ করা মনিরুল ও তাঁর পলাতক পরিবার:
পুরো ঘটনাটি ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করছিলেন মনিরুল হাওলাদার নামের এক যুবক। তিনি ওই লাইভের ক্যাপশনে লেখেন, ‘জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।’ জানা গেছে, মনিরুলের বাড়ি মাদারীপুরে। তিনি স্থানীয় একটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে পাড়ি জমান তিনি। বাঁধনের ওপর হামলার পর ব্যাপক সমালোচনার মুখে দেশে থাকা মনিরুলের পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে গ্রাম ছেড়েছেন।

পানি ছোড়া শিপল:
ভিডিওতে বাঁধনের দিকে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বারবার পানি ছুড়ে মারতে দেখা যায় শিপল মাহমুদ বিপ্লব নামের একজনকে। তাঁর বাড়ি শরীয়তপুরে। দেশে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা শিপল বর্তমানে ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।

থাপ্পড় দেওয়ার চেষ্টাকারী ইলিয়াস:
হামলার একপর্যায়ে বাঁধনের দিকে তেড়ে গিয়ে তাঁকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করেন ইলিয়াস মিয়া নামের এক ব্যক্তি। তাঁর আঘাত অভিনেত্রীর হাতে লাগলে মুঠোফোনটি ছিটকে পড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ইলিয়াসকে ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত দেখা যায় বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

সামনের সারিতে শাসানো আলতাফ:
ভিডিওতে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে বাঁধনকে বারবার শাসাতে ও আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করতে দেখা যায় আলতাফ পাহাড়কে। শরীয়তপুরের সন্তান আলতাফ একসময় দেশে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ইতালির ভেনিসে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ভিডিওর একপর্যায়ে হামলাকারীদের একজনকে দম্ভভরে বলতে শোনা যায়, ‘আমরা ইতালির ছাত্রলীগ। বাংলাদেশের যেকোনো প্রান্তে যাবে, তাদের আমরা প্রতিহত করব।’

বিদেশে বেড়াতে গিয়ে দেশের একজন জনপ্রিয় অভিনেত্রীর ওপর প্রকাশ্য দিবালোকে এমন হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেটিজেনরা বলছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদের পক্ষে সোচ্চার থাকায় এবং স্বৈরাচারী সরকারের বিরোধিতা করার কারণেই বাঁধনকে টার্গেট করে এই পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রবাসীরা।

ট্যাগ: জাতীয়