উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ইরানের নতুন দফায় হামলার পর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম এক ডলারের বেশি বেড়েছে। টানা চতুর্থ দিনের মতো বাড়ার পর ব্রেন্ট ক্রুডের দাম হয়েছে প্রায় ১০০ ডলার।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ৯৯ দশমিক ৪৯ ডলারে বিক্রি হয়, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫৭ ডলার বেশি। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১ দশমিক ৬০ ডলার বেড়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে উঠেছে।
গত সপ্তাহ থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। এতে ছয় মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের আশা ফিকে হয়েছে। আগস্টের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার প্রতিশোধ হিসেবে তারা দুটি মার্কিন ডেস্ট্রয়ার ও জর্ডানের আল-আজরাকে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, ‘ইরান মার্কিন নৌযানে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যতবার এমন করবে, ততবারই তারা তেলবাহী ট্যাংকার হারাবে।’