সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
07 Sep, 2026 04:19 PM 1 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করল ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’। আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই জনপদে উচ্চশিক্ষার নতুন দিগন্ত সূচিত হলো। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ৮৬ একর জমির ওপর এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হচ্ছে। খবর বাসসের।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বড় প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের, যা আজ পূর্ণতা পেতে যাচ্ছে।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে রাষ্ট্রপতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আমাদের সংঘাতের রাজনীতি পরিহার করতে হবে। দেশে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে।”

শিক্ষার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, একটি বিশ্ববিদ্যালয় কেবল ইট-পাথরের ইমারত বা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়। এটি একটি অঞ্চলের জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, এই বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার দ্বার উন্মোচন করবে এবং জাতীয় উন্নয়নে দক্ষ ও মানবিক নাগরিক গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি দেশের শান্তি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন। একই সঙ্গে শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. মামুন আহমেদ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইসরাফিলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এই উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ট্যাগ: জাতীয়