বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি

প্রিমিয়াম ছাড়াই ১০ হাজার পলিসি, এশিয়া ইন্স্যুরেন্সের হিসাবে ১৬ কোটি টাকার গরমিল

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
09 Sep, 2026 09:33 PM 3 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি প্রিমিয়ামের টাকা গ্রহণ না করেই ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ হাজার ৭৬০টি নৌ-বীমা পলিসি বা কভার নোট ইস্যু করেছে। এসব পলিসির বিপরীতে ১৯ কোটি ৫৯ লাখ টাকা প্রিমিয়াম নির্ধারিত হলেও কোম্পানির হিসাবে দেখানো হয়েছে মাত্র ২ কোটি ৭৭ লাখ টাকা। বাকি ১৬ কোটি ৮২ লাখ টাকা প্রধান হিসাব বইয়ে দেখানো হয়নি।

২০২৫ সালের নিরীক্ষায় বিষয়টি ধরা পড়ার পর আগের কয়েক বছরের আর্থিক বিবরণী সংশোধন বা রিস্টেটমেন্ট করেছে কোম্পানিটি। নিরীক্ষক প্রতিষ্ঠান সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং ঘটনাটিকে ‘আইন ও বিধির বিচ্যুতি’ হিসেবে উল্লেখ করেছে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, প্রিমিয়াম গ্রহণ না করে পলিসি ইস্যু করা বীমা আইন, ২০১০-এর ১৮(১) ধারার পরিপন্থী। এতে কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা এবং টাকা না পেয়েও ‘পাওয়া গেছে’ দেখালে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

নিরীক্ষকেরা কোম্পানির আইটি নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতাও তুলে ধরেছেন। ডাটা এন্ট্রি বা সিস্টেমে পরিবর্তন আনার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নেই বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শেয়ারবাজারে কোম্পানির বিনিয়োগের বাজারমূল্য ১১ কোটি ১১ লাখ টাকা কমেছে। ২০২৫ সালে নিট পরিচালন নগদ প্রবাহ কমেছে প্রায় ৩৪ শতাংশ। তারপরও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে পর্ষদ।

ব্যালান্স শিটে ১০ কোটি ৩১ লাখ টাকা ডিপোজিট প্রিমিয়াম হিসেবে দেখানো হলেও এর বিপরীতে কোনো পলিসি ইস্যু করা হয়নি। বিবিধ দেনাদার হিসেবে ১৭ কোটি ২৯ লাখ টাকা দেখানো হয়েছে, যার আদায় নিয়ে সংশয় জানিয়েছেন নিরীক্ষকেরা।

এশিয়া ইন্স্যুরেন্সের সিএফও মো. রফিকুল ইসলাম বলেন, পুরোনো কভার নোট পুনরায় যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে পলিসিতে রূপান্তর করা হয়েছে। দীর্ঘদিন পলিসি না হওয়ার ঘটনায় দায়ী কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মুখপাত্র সাইফুন্নাহার সুমি জানান, ২০২২ সালে এশিয়া ইন্স্যুরেন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। নতুন অনিয়মগুলো নিয়ে আইডিআরএ কাজ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বাণিজ্য বার্তা

ট্যাগ: অর্থনীতি