বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে আসছে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
08 Sep, 2026 05:48 PM 6 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অভিযানের উদ্বোধন করবেন। ডেঙ্গু পরিস্থিতিকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল মশকনিধন ওষুধের ওপর নির্ভর করলে চলবে না। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি মাঠপর্যায়ে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

সমন্বয় করবেন ডিসি ও ইউএনওরা
কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এই কার্যক্রমের মূল দায়িত্বে থাকবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় কার্যক্রমের সমন্বয় করবেন।

শনিবার ‘পরিচ্ছন্নতা দিবস’
উপ-প্রেস সচিব জানান, এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউটস, বিএনসিসি, গার্ল গাইডস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের বড় ভূমিকা থাকবে। প্রতি শনিবার স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা পাড়া-মহল্লার বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা চালাবেন। কোথাও এডিস মশার প্রজননস্থল আছে কি না, তা চিহ্নিত করে মানুষকে সচেতন করবেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ওপর। তিনি বলেন, “আগামী তিন মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।” টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা
সচিবালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরকারি-বেসরকারি সকল স্থাপনা নিয়মিত পরিষ্কার রাখার ওপর জোর দেন এবং দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার অনুরোধ জানান।

ট্যাগ: জাতীয়