বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি

সন্ধানী লাইফে প্রিমিয়ামের পৌনে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
09 Sep, 2026 09:43 PM 3 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম পুরোনো বীমা প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা প্রিমিয়ামের পৌনে ৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে বীমাবহির্ভূত কাজে অর্থ বিনিয়োগ করে বড় অঙ্কের লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির ২০২৪ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও ব্যালান্সশিট পর্যালোচনায় এসব অনিয়মের চিত্র পাওয়া গেছে।

বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটির কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে প্রিমিয়াম বাবদ ৪ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ২৭৬ টাকা সংগ্রহ করে কোম্পানির তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। প্রতিবেদনে এই অর্থ ‘আনসেটেল পিআর’ হিসেবে দেখানো হয়েছে।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা জানান, অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

এ ছাড়া সন্ধানী লাইফের সহযোগী প্রতিষ্ঠান রাস্তা নির্মাণের ঠিকাদারি কাজ করে ১ কোটি ৩০ লাখ টাকা পাওনা থাকলেও তা উদ্ধার করতে পারেনি। পরে ৫০ লাখ ৫২ হাজার টাকা ‘মন্দ ঋণ’ হিসেবে ঘোষণা করে হিসাব থেকে বাদ দেওয়া হয়।

কোম্পানিটির আর্থিক অবস্থাও অবনতির মুখে। ২০২৩ সালে সংরক্ষিত আয় ছিল ১২ কোটি ৯১ লাখ টাকা, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৯০ লাখ টাকায়—অর্থাৎ কমেছে প্রায় ৮৫ শতাংশ।

এ ছাড়া আয়কর–সংক্রান্ত মামলায় ৮৪ কোটি ১৩ লাখ টাকার সম্ভাব্য দায় রয়েছে কোম্পানির। মামলায় পরাজয় হলে তা প্রতিষ্ঠানের ওপর বড় চাপ তৈরি করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : বাণিজ্য বার্তা

ট্যাগ: অর্থনীতি