বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ, পাঠানো হলো কারাগারে

Writer
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
01 Sep, 2026 08:06 PM 3 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

সুন্দরবনের সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৩১ আগস্ট) র‍্যাব-৬-এর কাছে ওই চার বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। আজ বিকেলে বাগেরহাটের শরণখোলা ও মোংলা থানা-পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করে। এর মধ্যে মোংলা থানায় ২৯ জন এবং শরণখোলা থানায় ২৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ও মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান।

র‍্যাব-৬ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন। পর্যটক ও বনজীবীদের জন্য সুন্দরবন পুনরায় উন্মুক্ত হওয়ার ঠিক আগের দিন এই আত্মসমর্পণের ঘটনা ঘটল।

র‍্যাব জানায়, সুন্দরবনে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা দীর্ঘ দিন ধরে হুমকির মুখে ছিল। অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে আসছিল। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে এর আগেও উল্লেখযোগ্য সংখ্যক দস্যু আত্মসমর্পণ করেছিলেন। তবে সম্প্রতি নতুন কিছু দস্যুচক্রের তৎপরতা বাড়ায় নজরদারি আরও জোরদার করা হয়। বনের প্রতিকূল পরিবেশ এবং দস্যু জীবনের অনিশ্চয়তা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ থেকেই তাঁরা আত্মসমর্পণ করেছেন।

র‍্যাব-৬-এর মিডিয়া অফিসার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সৈয়দ ফজলুর রহমান বলেন, ‘একসঙ্গে চারটি বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণের ফলে সুন্দরবনে দস্যুদের সাংগঠনিক সক্ষমতা ও অপরাধমূলক কর্মকাণ্ড কমবে। এতে বননির্ভর মানুষের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ সুদৃঢ় হবে। পাশাপাশি পর্যটকদের নিরাপদ চলাচল এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে।’

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বননির্ভর জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব।

ট্যাগ: সারাদেশ