ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৭টি পাটের গুদাম ও ৩টি দোকান পুড়ে গেছে। এসব গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গতকাল রাতে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বাজারের ৭টি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই গুদাম ও দোকানগুলোতে থাকা সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
বাজারের ব্যবসায়ী কাসেদ মণ্ডল বলেন, রাতে হঠাৎ একটি গুদামে আগুন দেখে স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ৭টি পাটের গুদাম ও ৩টি দোকান পুড়ে গেছে। গুদামগুলোতে প্রায় তিন হাজার মণ পাট ছিল, যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই গুদাম ও দোকানগুলো পুড়ে যায়। তবে কিছু মালামাল অক্ষত অবস্থায় রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
