দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর প্রস্তুতির মধ্যে বিমানবন্দরটিকে আবারও সামরিক নিশানার ঘোষণা দিয়ে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
বিমানবন্দরটি ব্যবহার না করতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সতর্ক করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
রোববার (২৫ অক্টোবর) থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, অভ্যন্তরীণ ফ্লাইট চলবে টার্মিনাল ১ থেকে এবং সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে টার্মিনাল ২ থেকে।
গত ১০ অক্টোবর বিমানবন্দরটিতে হামলার পর এর কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল হুথিরা। এতে ১৩ জন নিহত এবং তিনশতের বেশি মানুষ আহত হন। গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। এর দুদিন পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বাড়ায় কর্তৃপক্ষ।
এদিকে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে প্রায়ই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা। এসব হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের ওপর চাপ বাড়াতে চায় গোষ্ঠীটি।
অন্যদিকে, গত মাসে লোহিত সাগরের উপকূলীয় এলাকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয় হুথিরা। এর জবাবে গোষ্ঠীটির বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতে ইয়েমেনের সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। একই সঙ্গে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে সামরিক তৎপরতাও জোরদার করেছে দেশটি।
