রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এবার খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
সকাল থেকে খাগড়াছড়ি শহরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেন অবরোধকারীরা। অর্ধদিবস এই অবরোধের কারণে জেলা সদরে অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা সরে যান। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও সড়ক অবরোধের প্রভাব খাগড়াছড়িতেও ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সড়কে যান চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অবরোধ কর্মসূচি ঘিরে খাগড়াছড়ি শহর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোর পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘অবরোধকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
