সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস। ছুটির পর আজ রোববার সকাল ৯টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
একই সঙ্গে আজ থেকে খুলেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের স্বাভাবিক কার্যক্রম।
গত ২০ অক্টোবর মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হয়েছিল। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত ছুটি কাটিয়ে আজ থেকে পুরোদমে কাজে ফিরেছেন কর্মজীবীরা।
টানা পাঁচ দিনের ছুটি কাজে লাগিয়ে অনেকেই ঢাকার বাইরে স্বজনদের কাছে গিয়েছিলেন। ছুটি শেষে অফিস শুরু হওয়ায় গতকাল শনিবার রাজধানীমুখী মানুষ ও যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে বাস ও ট্রেন স্টেশন এবং লঞ্চ টার্মিনালগুলোতে। আজ রোববারেও অনেকে ঢাকায় ফিরছেন। দীর্ঘ ছুটির কারণে গত কয়েক দিন ধরে ফাঁকা থাকা রাজধানীর ব্যস্ত সড়কগুলোতেও ধীরে ধীরে বাড়ছে মানুষের আনাগোনা।
এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করে। এর পর শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি।
পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানের কর্মদিবস অর্থাৎ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়। অবশ্য এর আগে গত ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল।
গত ৫ অক্টোবর সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির আওতামুক্ত ছিলেন।
