দেশে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদকের সর্বগ্রাসী বিস্তার রোধে শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে একেবারেই 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসা, সেবন কিংবা অন্য যেকোনো অপকর্মের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
শুক্রবার (২৩শে অক্টোবর) চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ আয়োজিত এক সুধী সমাবেশ ও সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তোতারখিল ও আশপাশের এলাকার স্বাবলম্বী হতে ইচ্ছুক দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন পানিসম্পদমন্ত্রী।
বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতিবাচক ভূমিকার সমালোচনা করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দল সমাজে ধর্মের দোহাই দিয়ে নানা অপব্যাখ্যা দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সুন্দর সুন্দর কথা বললেই বিরোধী দলের দায়িত্ব শেষ হয়ে যায় না। বিরোধী দল হতে হলে রাজপথে জনগণের পাশে থাকতে হয়। বর্তমান সরকার যখন দেশগঠন ও সার্বিক উন্নয়নের জন্য দিনরাত কাজ করছে, তখন বিরোধী দল গঠনমূলক ভূমিকা না রেখে সরকারকে কেবল অসহযোগিতা করে যাচ্ছে।”
বিগত শাসনকালের ত্যাগ ও সংগ্রামের স্মৃতি স্মরণ করে মন্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন, “বিগত ১৭ বছরে আমরা অনেক কিছু হারিয়েছি। বহু রক্ত, অগণিত মানুষের ত্যাগ ও দীর্ঘ সংগ্রামের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাই আর কিছু হারাতে চাই না। এই প্রিয় জন্মভূমিকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
