জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের (৭৭) প্রথম জানাজা আজ শনিবার রাতে অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মরহুমের পরিবারের সঙ্গে কথা বলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর।
ফেসবুক পোস্টের তথ্যানুযায়ী, স্বজন ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাত ৭টায় (বাদ এশা) গুলশান সোসাইটি জামে মসজিদে (রোড নম্বর ৬৩, গুলশান-২) শফিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।
পোস্টে আরও জানানো হয়, মরহুমের একমাত্র কন্যা যুক্তরাষ্ট্র থেকে রোববার ঢাকায় পৌঁছাবেন। তিনি দেশে ফেরার পর দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শফিকুর রহমানের ইচ্ছা অনুযায়ী তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে তাকে সমাহিত করা হতে পারে।
উল্লেখ্য, জ্যেষ্ঠ এই সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য শনিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
