কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক প্রভাষকের স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের প্রভাষক মো. শহিদুলের স্ত্রী লিপি খাতুন (২৬), তার ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং অটোরিকশাচালক (পরিচয় মেলেনি, বাড়ি জামালপুরের কাউনিয়ার চরে) মারা গেছেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাদলের মেয়ে বৃষ্টি। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সায়েদাবাদ বাজারের কাছে বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী ট্রাক্টর অটোরিকশাটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। দুর্ঘটনায় জড়িত যানটি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
