ভারতে দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ কর্মসূচির আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলক আটকের পর কোথায় রাখা হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে নেহা বোরাকে দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ছেড়ে দেওয়া হয়। তবে অভিজিৎ দীপকে এখনো পুলিশি হেফাজতে রয়েছেন।
সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, অভিজিৎকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় আটক করা হয়েছে এবং তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) আদালতে হাজির করা হবে। তবে আইনি দলের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি এবং তাঁর সুনির্দিষ্ট অবস্থান এখনো জানানো হয়নি।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভ মিছিলে অংশ নিতে যাওয়ার পথে পুলিশ অভিজিৎ দীপকে ও নেহা বোরাকে আটক করে। আটকের পরপরই তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার অভিযোগ তোলে দুই সংগঠন।
হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর নেহা বোরা অভিযোগ করেন, কোনো বৈধ কারণ ছাড়াই নাগরিকদের মনে ভয় তৈরি করতে ঘণ্টার পর ঘণ্টা থানায় বেআইনিভাবে আটকে রাখা হচ্ছে। তিনি অভিজিৎ দীপকেসহ আটক অন্য সব বিক্ষোভকারীর অবিলম্বে মুক্তির দাবি জানান।
