শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুবিধা দিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখা হয়েছে।
পূজার ছুটির সুবিধার্থে আগামী ২২ অক্টোবরের সাধারণ ছুটির বিপরীতে ১৭ অক্টোবরের এই সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা রয়েছে।
এর আগে ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এর বদলে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
গত ৫ অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির সময়সূচি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও নির্ধারিত সূচি অনুযায়ী সচিবালয়সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করছেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। মাঝের ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা থাকলেও সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
এর ফলে আগামী ২০ থেকে ২২ অক্টোবরের পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।
