সোমবার , ২৪ আগস্ট ২০২৬
জাতীয়

তিন গ্রাম নিয়ে যাত্রা শুরু করল ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্প

Writer
10 Aug, 2026 02:21 PM 7 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

দেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প’। সোমবার দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রাথমিক পর্যায়ে দেশের তিনটি অঞ্চলের তিনটি গ্রামকে এই পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। গ্রামগুলো হলো রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতিসংঘের ঘোষিত এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নির্বাচিত এই গ্রামগুলোতে ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে অন্যতম লক্ষ্য হলো গ্রামগুলোর দারিদ্র্য দূরীকরণ, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা, উন্নত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা।

এর পাশাপাশি প্রকল্পভুক্ত গ্রামগুলোর বাসিন্দাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিক স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের।

পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা জানান, দেশের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের ‘অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ’ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। মূলত এই প্রকল্পের আওতায় এবং সহায়তায় ‘এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ের এই পাইলট প্রকল্পের সাফল্য ও অভিজ্ঞতা বিবেচনা করে পরবর্তীতে দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারণ করা হতে পারে।

ট্যাগ: জাতীয়