মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাসভবনে তল্লাশি চালিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের (এইচএসআই) সদস্যরা। একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে আদালতের পরোয়ানা নিয়ে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে ইলহান ওমরের বাড়িতে এই অভিযান শুরু হয়। তবে তদন্তের ধরণ বা অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন বিচার বিভাগ। বর্তমানে কংগ্রেসের অধিবেশন বন্ধ থাকায় অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন কি না, তা-ও স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত ইলহান ওমর সামাজিক মাধ্যমে এই অভিযানকে রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, "ট্রাম্প ১০ বছর ধরে ভিত্তিহীন মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। এটি তাঁর সর্বশেষ পদক্ষেপ। এভাবে আমাকে চুপ করানো যাবে না।"
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ওমরের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্তের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। একই সঙ্গে তিনি ওমরকে ‘অভিযোগকারী’ ও ‘ভয়ঙ্কর ব্যক্তি’ বলে মন্তব্য করে বলেন, "তিনি এমন একটি দেশ থেকে এসেছেন, যে দেশ আসলে কোনো দেশই নয়। এরপরও তিনি আমাদের সংবিধান নিয়ে অভিযোগ করেন।"
ওমরের যোগাযোগবিষয়ক পরিচালক জ্যাকলিন রজার্স এই তল্লাশিকে ট্রাম্প প্রশাসনের ‘ক্ষমতার চরম অপব্যবহার’ বলে উল্লেখ করেছেন। ওমরের ডেমোক্র্যাট সহকর্মীদের পাশাপাশি মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও সিনেটর টিনা স্মিথ এটিকে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ এবং ক্ষমতার অপব্যবহার বলে তীব্র সমালোচনা করেছেন।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শৈশবে ইলহান ওমরের সোমালি অভিবাসনসংক্রান্ত জমা দেওয়া নথিকে কেন্দ্র করে এই তদন্ত চলছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বা বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে এর বিস্তারিত প্রকাশ করেনি। প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম সোমালি-আমেরিকান এবং অন্যতম প্রথম মুসলিম নারী হিসেবে প্রতিনিধিত্বকারী ইলহান ওমরকে এর আগেও একাধিকবার সোমালিয়ায় ফিরে যাওয়ার তাগিদ দিয়েছেন ট্রাম্প।
অন্যদিতে মিনেসোটার রিপাবলিকান প্রতিনিধি টম এমারসহ কয়েকজন রক্ষণশীল নেতা এই তল্লাশিকে স্বাগত জানিয়েছেন এবং বিচার বিভাগের কাছ থেকে জবাবদিহি ও বিস্তারিত তথ্যের আশা ব্যক্ত করেছেন।
