সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ১৪ অক্টোবর দেশটির মক্কা অঞ্চলে তাদের এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি জানার পর নিরাপত্তা বাহিনী তাদের আটক করে তদন্ত শুরু করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের রায় দেন।
অপরাধের গুরুতর প্রকৃতি এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এই কঠোর দণ্ড প্রদান করেন। পরবর্তীতে উচ্চতর আদালত রায় বহাল রাখলে রাজকীয় আদেশের মাধ্যমে তা কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দেশটির সরকার নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন কার্যকরে সংকল্পবদ্ধ। মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের অনৈতিক কাজে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
