নূন্যতম মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও সাধারণ পথচারীরা। বাস চলাচল বন্ধ থাকায় অনেককে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বাড়লেও তাঁদের বেতন সেভাবে বাড়েনি। বর্তমান মূল্যে এই বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তা ছাড়া বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়েই তাঁরা রাজপথে নেমেছেন।
আন্দোলনরত পোশাকশ্রমিক রিফা বেগম বলেন, ‘সরকার ও মালিকপক্ষ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না। আন্দোলন চলবে।’
রুমি নামের অপর এক আন্দোলনকারী বলেন, ‘আমাদের একটাই দাবি, ন্যূনতম মূল বেতন ৩০ হাজার টাকা করতে হবে। বর্তমান বেতনে টেনেটুনেও পরিবার চালানো যাচ্ছে না।’
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভস্থলের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
