ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির ঠিক আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে পুলিশ। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে একটি বড় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সিজেপি। এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠীর।
পুলিশ জানিয়েছে, গুরুগ্রামের সেক্টর-৫৬ এলাকার কেন্দ্ৰীয় বিহার সোসাইটিতে ধ্রুব রাঠীর বাসভবনে আজ সকালে গুরুগ্রাম ও দিল্লি পুলিশের একটি যৌথ দল উপস্থিত হয়। তারা ধ্রুবকে দিল্লিতে গিয়ে সিজেপির এই বিক্ষোভে অংশ না নেওয়ার অনুরোধ জানায়, কারণ এই সমাবেশের জন্য পুলিশের কোনো আনুষ্ঠানিক অনুমতি ছিল না। কিন্তু ধ্রুব রাঠী পুলিশের ওই অনুরোধ প্রত্যাখ্যান করলে তাঁকে আটক করা হয়।
এনডিটিভি ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিজেপির এই বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে রীতিমতো কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে ধ্রুব রাঠী সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছিলেন। তাঁর এই আটকের খবরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
