ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ভোট চুরি’ করে ক্ষমতায় এসেছেন বলে অভিযোগ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। দেশটির ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত উদ্যোগ ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)-এর প্রতিবাদে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
বুধবার ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সুশীল সমাজের সংগঠন এবং ককরোচ জনতা পার্টির যৌথ উদ্যোগে ‘জনতার আদালত’ শীর্ষক এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। গণজাগরণমূলক এই কর্মসূচিতে অংশ নেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠি এবং প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ।
বিক্ষোভ সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘গণতন্ত্র হত্যা ও অন্যায্যভাবে ভোট চুরির’ সরাসরি অভিযোগ আনেন দীপকে। তিনি হুশিয়ারি দিয়ে জানান, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।
দীপকে অভিযোগ করে আরও বলেন, এসআইআরের নামে ভোটার তালিকা থেকে ব্যাপকভাবে নাম বাদ দেওয়ার মূল উদ্দেশ্যই হলো বিজেপি বিরোধী ভোটাধিকার বঞ্চিত করা এবং নির্বাচনকে নিজেদের শক্ত ঘাঁটিতে রূপ দেওয়া।
তিনি বলেন, "আমরা অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। ভারতে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া এবং সিইসির পদত্যাগ না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না।"
