শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা

বিশ্বকাপের ধাক্কা সামলে আজ মাঠে নামছে ব্রাজিল

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
25 Sep, 2026 02:22 PM 2 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হতাশা ভুলে আবারও মাঠে নামছে ব্রাজিল। আজ শুক্রবার বিকেলে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে কার্লো আনচেলত্তির দল। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায় (স্থানীয় সময় রাত ৮টা)।

সর্বশেষ বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ওপরই আস্থা রেখেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তার অধীনে দল পুনর্গঠন ও নতুনদের সুযোগ দেওয়ার লক্ষ্যে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি দিয়ে সেই মিশন শুরু করছে সেলেসাওরা।

ঘোষিত একাদশ অনুযায়ী আজ ব্রাজিলের গোলপোস্ট সামলাবেন হুগো সুজা। রক্ষণভাগে থাকছেন মাথেউসিনিও, মার্কিনিওস, ভিতর রেইস ও ডগলাস সান্তোস। মিডফিল্ডে খেলবেন দানিলো ও ব্রুনো গিমারেস। আর আক্রমণভাগে একঝাঁক তারকাকে দেখা যাবে—এস্তেভাও, রাফিনিয়া, এনদ্রিক এবং ভিনিসিউস জুনিয়র।

যেভাবে দেখা যাবে ম্যাচটি

বাংলাদেশে আজকের ম্যাচটি কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। তবে বাংলাদেশের দর্শকেরা ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’–এ সরাসরি খেলাটি উপভোগ করতে পারবেন। ভারতের ফুটবলপ্রেমীরাও একই মাধ্যমে ম্যাচটি দেখতে পাবেন।

ট্যাগ: খেলাধুলা