শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিষাক্ত মদ পানে ৪৮ জনের মৃত্যু, হাসপাতালে শতাধিক

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
18 Sep, 2026 10:55 AM 1 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

দক্ষিণ নাইজেরিয়ায় মিথানলযুক্ত বিষাক্ত দেশি মদ পানে অন্তত ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় অসুস্থ হয়ে প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওন্দো রাজ্যের ওদিগবো ও আইরেলে এলাকায় স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত পানীয় পানের পর এই বিপর্যয় দেখা দেয় বলে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় সর্বমোট ১৮২ জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন অনেকেরই কিডনি অকেজো হয়ে গেছে এবং অনেকে দৃষ্টিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা হারিয়েছেন। স্থানীয়দের কাছে জনপ্রিয় ও উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’-এর সঙ্গে ক্ষতিকর বিষাক্ত মিথানল মেশানোর কারণে এই বিষক্রিয়া ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছিল।

ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উৎপাদনকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাইজেরিয়ার গ্রামীণ এলাকায় সস্তা ও দুর্বল তদারকির কারণে স্থানীয়ভাবে তৈরি এসব মদ ব্যাপক জনপ্রিয়। মর্মান্তিক এই ঘটনার পর দেশের খাদ্য ও ওষুধ প্রশাসন প্লাস্টিকের পাত্রে প্রস্তুতকৃত মদ বিক্রি নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

ট্যাগ: আন্তর্জাতিক