শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

সংসদে ফিরেই আবেগাপ্লুত মির্জা আব্বাস

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
03 Sep, 2026 06:48 PM 5 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ মাস পর সংসদ অধিবেশনে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। গুরুতর অসুস্থতার কারণে দীর্ঘ সময় বিদেশে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার হুইলচেয়ারে করে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম বক্তব্য। বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে হুইলচেয়ারে চড়ে সংসদ কক্ষে প্রবেশ করেন মির্জা আব্বাস। পরে বিকেল পৌনে ৬টার দিকে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি ও বর্তমান শারীরিক অবস্থার কথা শোনার সময় পুরো সংসদ জুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। অনেক সংসদ সদস্যকেও এ সময় চোখ মুছতে দেখা যায়।

বক্তব্যের শুরুতেই মির্জা আব্বাস গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি এই সংসদে ফিরে এসেছি মানুষের জন্য কাজ করার জন্য। দীর্ঘ পাঁচ মাস ধরে আমি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। বিদেশে চিকিৎসাধীন ছিলাম, এখনো পুরোপুরি সুস্থ নই। কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতা আর দেশের প্রতি ভালোবাসার কারণে এই অসুস্থ শরীর নিয়েও সংসদে আসতে হয়েছে।’

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সংসদকে অবহিত করে মির্জা আব্বাস বলেন, ‘২০০৬ সালের পর দীর্ঘ সময় আমি জাতীয় সংসদে কথা বলার সুযোগ পাইনি। এবার যখন সেই সুযোগ এল, তখনই আমি স্ট্রোকে আক্রান্ত হলাম। চিকিৎসার জন্য আমাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় থাকতে হয়েছে। তবে চিকিৎসার মাঝপথেই আমি ফিরে এসেছি শুধু আপনাদের মাঝে থাকার জন্য।’

অসুস্থতার সময়ে রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার অসুস্থতার খবর পেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজ নিয়েছেন। স্পিকার নিজে আমাকে দেখতে গিয়েছিলেন এবং অত্যন্ত মানবিক আচরণ করেছেন। তাঁদের এই মহানুভবতা আমি আজীবন মনে রাখব।’

শারীরিক সীমাবদ্ধতার কারণে মির্জা আব্বাস তাঁর নিজের আসনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেননি। তিনি হুইলচেয়ারে বসেই বিএনপির অন্য এক জ্যেষ্ঠ নেতা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানের আসনের মাইক্রোফোন ব্যবহার করে বক্তব্য দেন। তাঁর লিখিত বক্তব্যটি পড়ার সময় পাশে থেকে সহযোগিতা করেন আমানউল্লাহ আমান।

উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ নিলেও শারীরিক অসুস্থতার কারণে বিগত পাঁচটি মাস সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। আজ তাঁর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সংসদে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তব্য শেষ করার পর সরকার ও বিরোধী দলের অনেক সদস্যই তাঁর আসনের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

ট্যাগ: রাজনীতি