মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লেবুহ পুডু ও কোতারায়া বাংলা মার্কেট এলাকায় সমন্বিত মেগা অভিযানে ৪৭২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশি, যা মোট আটকের প্রায় ৭৭ শতাংশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে শুরু হওয়া এই অভিযানে আড়াই হাজার বিদেশি নাগরিকের নথিপত্র তল্লাশি করা হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের আঞ্চলিক পরিচালক দাতুক হামশা ইঞ্জাউ জানান, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র বা ভিসা না থাকা, অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করাসহ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আটক ৪৭২ জনের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। তাদের মধ্যে ৩৬৪ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ৭, ভারতের ৬, চীনের ৩ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের ১ জন করে নাগরিক রয়েছেন।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও শ্রমিকদের আবাসিক ভবনের তালা ভেঙে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে পতিতাবৃত্তির আস্তানা ও অবৈধ ওষুধ বিক্রির দোকান শনাক্ত করা হয়েছে।
অভিযানে ইমিগ্রেশন বিভাগ, কুয়ালালামপুর সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ৩৩৭ জন কর্মকর্তা অংশ নেন। আটক সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।