আগস্ট ১৩, ২০২৬
Busimess

সীমান্তবর্তী এলাকার নানা অনিয়ম ও অপরাধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন থ্রিলার চলচ্চিত্র ‘শিকার’। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাঁর বিপরীতে এর মাধ্যমেই ঢালিউডে নায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নতুন মুখ মুরতজা পলাশের। বর্তমানে হিমালয়কন্যা নেপালের পোখারার মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম ধাপের দৃশ্যধারণের কাজ চলছে।

সিনেমাটিতে এবার নতুন করে যুক্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় তিন অভিনেতা—রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য। প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রে বাংলাদেশ ও ভারতের অভিনয়শিল্পীদের পাশাপাশি নেপালের স্থানীয় কয়েকজন শিল্পীও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

কলকাতার এই তিন অভিনেতারই পূর্বে বাংলাদেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে শ্যাম ভট্টাচার্য সম্প্রতি ‘বরবাদ’ ও ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এলেও দীর্ঘ বিরতির পর ঢালিউডের বড় পর্দায় ফিরছেন প্রবীণ দুই অভিনেতা রজতাভ দত্ত ও খরাজ মুখোপাধ্যায়।

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে রজতাভ দত্ত বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রের নাম মনীষ মালহোত্রা। তাঁর একটি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে কি না সীমান্ত এলাকার নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। চরিত্রটি বেশ বৈচিত্র্যময়।’ অন্যদিকে শ্যাম ভট্টাচার্য জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্ত অপরাধকে কেন্দ্র করেই সিনেমার গল্পটি এগিয়ে যাবে। একটি সাধারণ গল্প কীভাবে নির্মাণের শক্তিতে অসাধারণ ও উপভোগ্য হয়ে ওঠে, দর্শকেরা এই চলচ্চিত্রে তা দেখতে পাবেন।

চলতি বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব ফিল্ম হিসেবে ‘শিকার’ নির্মাণের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরবর্তীকালে এর বাণিজ্যিক সম্ভাবনা ও গল্পের পরিধি বিবেচনা করে এটিকে বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা।

সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী নায়িকা অপু বিশ্বাস। তিনি জানান, গল্পে নিজের অভিনয়ের চমৎকার সুযোগ পেয়েই তিনি চিত্রনাট্যটি দেখে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, নেপালে টানা ২৫ দিন দৃশ্যধারণের পর পুরো টিম ঢাকায় ফিরবে। এরপর বাংলাদেশে আরও এক সপ্তাহ শুটিংয়ের মধ্য দিয়ে চিত্রগ্রহণের কাজ শেষ হবে। এরপর দ্রুত পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন করে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।