আগস্ট ১৩, ২০২৬
Busimess

‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’ ২০০৪ সালে বিপ্লব চক্রবর্তীর কথা ও সুরে গাওয়া এই একটি গান দিয়েই দেশের শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন কণ্ঠশিল্পী পথিক নবী। এরপর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কেটে গেলেও চলচ্চিত্রে আর কোনো নতুন গানে পাওয়া যায়নি তাঁকে। অবশেষে দীর্ঘ ২২ বছরের সেই নীরবতা ভেঙে আবারও সিনেমার প্লেব্যাকে ফিরলেন শ্রোতাপ্রিয় এই শিল্পী।

সৈয়দ শমসের তারিফের পরিচালনায় নির্মাণাধীন ‘মাটি’ সিনেমার একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন পথিক নবী। ফোক ঘরানার এই গানটির শিরোনাম ‘মাটির পুতুল’। গানটির কথা ও সুর করেছেন আবেগী জাকির এবং সংগীত আয়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গানের ট্র্যাক ও কথা প্রস্তুত হওয়ার পরই নির্মাতা ও সংগীত পরিচালকের মনে হয়েছিল, এই গানের গায়কির জন্য পথিক নবীই সবচেয়ে উপযুক্ত। পরে গানটির ডেমো ট্র্যাক শোনার পর পছন্দ হওয়ায় দীর্ঘ বিরতি কাটিয়ে এতে কণ্ঠ দিতে রাজি হন তিনি।

দীর্ঘ সময় পর চলচ্চিত্রে ফিরতে পেরে উচ্ছ্বসিত পথিক নবীও। তিনি জানান, ভালো কথা ও সুরের মানসম্পন্ন কাজ পেলে ভবিষ্যতেও নিয়মিত সিনেমার গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।

এ প্রসঙ্গে পরিচালক সৈয়দ শমসের তারিফ বলেন, ‘ফোক প্যাটার্নের এই গানটি শুনলে মনে হবে, এটি যেন পথিক নবীর কণ্ঠের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তিনি তাঁর স্বভাবসুলভ ঢঙে অসাধারণ গেয়েছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

গ্রামীণ জীবনের টানাপোড়েন, সাধারণ মানুষের স্বপ্ন ও সংগ্রাম এবং মাটির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘মাটি’ সিনেমাটি। ঝিনাইদহ জেলার মহেশপুরের বিভিন্ন গ্রাম ও ইছামতী নদীর পাড়ে ইতোমধ্যে ছবিটির প্রথম ধাপের দৃশ্যধারণ শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

এই সিনেমার প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকারসহ একঝাঁক অভিনয়শিল্পী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষভাগে অর্থাৎ ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রযোজনা দল।