সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা

নারী এশিয়া কাপ জিতেও ট্রফি ছাড়াই ফিরল ভারত

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
14 Sep, 2026 09:30 AM 2 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে বিজয়ী হয়েও ট্রফি গ্রহণ করেনি ভারতীয় নারী দল। গত বছর পুরুষদের এশিয়া কাপেও একই ধরনের ঘটনা ঘটেছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে শেফালি ভার্মার ৩৮ বলে ৬৮ এবং স্মৃতি মান্ধানার ৩৯ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের পক্ষে শ্রী চরণি ৪টি এবং দীপ্তি শর্মা ৩টি উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেফালি ভার্মা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। নির্ধারিত সময়ের প্রায় ৫০ মিনিট পর অনুষ্ঠান শুরু হলে প্রথমে রানার্সআপ দল শ্রীলঙ্কার খেলোয়াড়দের পদক দেওয়া হয়। তবে এর পরেই আচমকা অনুষ্ঠান শেষ ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণীর এই বিলম্ব ও জটিলতার মাঝে ভারতীয় দল নিজেরা মাঠেই সেরা ফিল্ডারের পদক দেওয়ার আয়োজন করে। দলের ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষের উদ্যোগে আয়োজিত সেই মুহূর্তে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও সহসভাপতি রাজীব শুক্লার উপস্থিতিতে নন্দিনী শর্মার হাতে পদক তুলে দেওয়া হয়।

বিসিসিআই প্রধান অতিথির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করেছে। বিসিসিআই সচিব সাইকিয়া জানান, মহসিন নাকভি পাকিস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তাঁর কাছ থেকে ট্রফি না নেওয়ার অবস্থান নিয়েছে ভারত।

একই সুরে ভারতীয় নারী দলের কোচ আমোল মুজুমদার বলেন, “বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা দলের পক্ষ থেকে বোর্ডের পাশে আছি। আমাদের জন্য টুর্নামেন্ট শেষ এবং আমরাই চ্যাম্পিয়ন। অফিশিয়াল নথিতে লেখা হয়ে গেছে ভারত ২০২৬ এশিয়া কাপের চ্যাম্পিয়ন, এটাই আমাদের জন্য যথেষ্ট।”

ট্যাগ: খেলাধুলা