দেশ পুনর্গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, `বাংলাদেশে প্রায় ২৩ লাখ স্কাউট, ২২ হাজার বিএনসিসি সদস্য এবং ৪ কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। এত বিপুল সংখ্যক মানুষ যদি একসাথে দেশকে পুনর্গঠন করতে চাই, তবে কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না।'
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, `তরুণ সমাজ যে দেশকে বদলে দিতে পারে, তা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে তারা দেখিয়ে দিয়েছে। সেই পরিবর্তনের সূচনাকে ধরে রেখে এবার রাষ্ট্র ও দেশকে পুনর্গঠনের কাজে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।'
ডেঙ্গু প্রতিরোধে পরবর্তী ৩ মাসের সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, `হয়তো আমরা শতভাগ নির্মূল করতে পারব না, তবে সবাই মিলে সচেতন হলে অন্তত ৮০ ভাগ সংকট সমাধান করা সম্ভব। জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা থেকেই এডিস মশার বংশবৃদ্ধি ঘটে। নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থল পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে অন্তত ১ ঘণ্টা সময় দিলে দ্রুত পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটবে।'
ময়লা-আবর্জনা ফেলার মানসিকতা পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, `যেখানে-সেখানে ময়লা ফেলা ব্যক্তিদের আমাদের নিরুৎসাহিত করতে হবে। আমরা নিজেকে, পরিবারকে ও সমাজকে সুস্থ রাখলে পুরো দেশ সুস্থ থাকবে।'