হজ শেষে দেশে ফেরার পর থেকে জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা বেশ জোরালো হয়ে উঠেছিল—তিনি কি তবে অভিনয় ছেড়ে দিচ্ছেন? চাউর হয়েছিল, ধর্মকর্মে মন দিতেই শোবিজ দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন ‘ব্যাচেলর’ খ্যাত এই তারকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসান মাসুদ নিজেই জানালেন, বিষয়টি পুরোপুরি সত্য নয়। ভুল বোঝাবুঝি থেকেই এমন গুঞ্জনের সূত্রপাত।
হাসান মাসুদ জানান, তাঁর একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, গত দুই বছর ধরে অভিনয় করছি না, শুধু মাঝে কিছু বিজ্ঞাপনে কাজ করেছি। এর কারণ হলো মনের মতো ভালো কনটেন্ট পাচ্ছিলাম না। কিন্তু কথাটি এমনভাবে ছড়িয়েছে যে মনে হচ্ছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। আসলে ওইভাবে বলাটা আমার ভুল হয়েছিল।’
অভিনয় ও ব্যক্তিগত বিশ্বাসের জায়গাটি পরিষ্কার করে এই অভিনেতা বলেন, ‘আমি মনে করি ধর্মচর্চা এবং অভিনয় কখনো সাংঘর্ষিক নয়। আপনি ধর্ম পালন করেও শুটিং সেটে কাজ করতে পারেন। আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি, এটা গত কয়েক বছরে আমার সঙ্গে যারা কাজ করেছেন তারা সবাই জানেন। শুটিংয়ের সময় পরিচালকেরাই আমাকে নামাজের বিরতি দিতেন এবং আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্য না থাকে।’
পরিচালকদের সহযোগিতার কথা স্মরণ করে তিনি আরও যোগ করেন, ‘পরিচালকেরা খুব গুরুত্ব দিয়ে আমার বিষয়টি দেখতেন। সময় হলে তারাই বলতেন, “হাসান ভাই, নামাজের বিরতি হয়েছে, আপনি গিয়ে পড়ে আসুন।” এভাবেই কাজের সঙ্গে ইবাদতের সমন্বয় হয়েছে সবসময়।’
বিরতি কাটিয়ে ফেরার ইঙ্গিত দিয়ে হাসান মাসুদ জানান, হজ থেকে ফেরার পর ইতিমধ্যেই তিনি দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। ভালো গল্প এবং যুতসই চরিত্র পেলে তিনি নিয়মিত অভিনয়ে ফিরতে আগ্রহী। মানসম্মত কাজের অপেক্ষাতেই আপাতত তাঁর এই বিরতি।
শোবিজে আসার আগে হাসান মাসুদের জীবন ছিল বৈচিত্র্যময়। সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে সাংবাদিকতায় থিতু হন তিনি। সেখান থেকে ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তাঁর অভিষেক ঘটে। এরপর ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’ ও ‘খুনসুটি’র মতো অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। অভিনয়ের পাশাপাশি গানের জগতেও তাঁর বিচরণ রয়েছে; ২০০৬ সালে প্রকাশ পেয়েছিল তাঁর একক গানের অ্যালবাম।
দীর্ঘ ক্যারিয়ারের এই জনপ্রিয় অভিনেতা ভক্তদের আশ্বস্ত করে জানান, অভিনয় ছাড়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। সব ঠিক থাকলে আবারও প্রিয় মুখ হিসেবে পর্দায় দেখা যেতে পারে তাঁকে।