সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

মাদক চোরাচালান : মিসরের সেই টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
06 Sep, 2026 07:49 PM 10 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

বিশাল আকারের মাদক চোরাচালান ও কৃত্রিম মাদক তৈরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৩৯ বছর বয়সী সারা খলিফা দেশটিতে অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’ উপস্থাপনার জন্য সুপরিচিত।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সারা খলিফা ও তার সহযোগীরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের মাধ্যমে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে কৃত্রিম মাদক তৈরি ও বিপণন করতেন। তদন্তের সময় মিসরীয় কর্তৃপক্ষ ওই চক্রের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদকদ্রব্য, মাদক তৈরির বিপুল উপকরণ, দুটি ল্যাবরেটরি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, এই মামলায় আদালত আরও ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং ৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন। মিসরের নিয়ম অনুযায়ী, গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামতের পর এই রায় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

আদালতে রায় ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন সারা খলিফা। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমার পরিবার আমাকে ভালো মানুষ হিসেবে বড় করেছে। আমি কখনো ধূমপান পর্যন্ত করিনি। আমার মাদকের টাকার প্রয়োজন নেই।’ তবে প্রসিকিউটররা ডিজিটাল প্রমাণ ও ২০ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে এই চক্রের অপরাধ প্রমাণ করেন।

সারা খলিফার আইনজীবী জানিয়েছেন, তারা এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। কায়রো থেকে গত বছরের এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে মাদকসংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ডের বিধান নিয়ে সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবল পরিকল্পিত হত্যার মতো অপরাধেই মৃত্যুদণ্ড সীমাবদ্ধ রাখা উচিত।

ট্যাগ: আন্তর্জাতিক