বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় ঢাকা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী দুই দিনের সরকারি সফরে ঢাকা থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় পৌঁছালে এক নারী পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ধানক্ষেতে পড়ে যায়। এতে ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী দুই পায়ে ও হাঁটুতে আঘাত পেয়েছেন। তবে তাঁর সঙ্গে থাকা স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। প্রতিমন্ত্রীর গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন। প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জয়পুরহাটের কালাই পৌর শহরে তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘রাস্তা থেকে গাড়িটি ছিটকে ফসলের মাঠে গিয়ে পড়েছিল। আল্লাহর রহমতে বড় কোনো বিপদ হয়নি, তবে পায়ে ব্যথা পেয়েছি।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী এখন তাঁর বাড়িতেই বিশ্রামে আছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।