শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভোলার আড়াই কেজির ‘রাজা ইলিশ’ এখন ঢাকার পথে

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
04 Sep, 2026 06:50 PM 7 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

ভোলার মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেলে মিরাজ মাঝির জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিশাল ইলিশ। স্থানীয়রা মাছটিকে ‘রাজা ইলিশ’ হিসেবে অভিহিত করছেন। আজ শুক্রবার সকালে ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটে মাছটি ১২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

মৎস্যঘাট ও জেলে সূত্রে জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাগরের মোহনায় জাল ফেলেন জেলে মিরাজ মাঝি। বিকেলের দিকে জাল টানার সময় এই বিশাল আকৃতির ইলিশটি উঠে আসে। দীর্ঘ খরা কাটিয়ে বড় সাইজের এমন ইলিশ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। আজ শুক্রবার মাছটি তালতলি ঘাটে নিলামে তোলা হলে ইলিশা বিশ্বরোড ঘাটের মাছ ব্যবসায়ী লোকমান ব্যাপারী সর্বোচ্চ দরে সেটি কিনে নেন।

জেলে মিরাজ মাঝি প্রথম আলোকে বলেন, ‘সাগরের মোহনায় সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। জাল টানার সময় মাছটির ওজন দেখে আমি অবাক হয়েছি। ঘাটে আনার পর অনেক মানুষ মাছটি দেখতে ভিড় করেন। শেষ পর্যন্ত নিলামে ভালো দাম পেয়ে আমি খুশি।’

মাছটি কিনে নেওয়া ব্যবসায়ী লোকমান ব্যাপারী জানান, আড়াই কেজি ওজনের এই রূপালি ইলিশটি তিনি ১২ হাজার ৮০০ টাকায় কিনেছেন। তিনি বলেন, ‘এই আকারের ইলিশের চাহিদা রাজধানীতে অনেক বেশি। তাই আরও বেশি লাভের আশায় মাছটি আজই বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠিয়েছি।’

মাছটির ওজন ও বর্তমান সময়ে এর উপস্থিতি নিয়ে কথা বলেছেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন। তিনি বলেন, ‘ইলিশের স্বভাব হলো সাগর থেকে নদীতে আসা এবং আবার সাগরে ফিরে যাওয়া। কিছু ইলিশ নদীতেই থেকে যায় এবং বড় হওয়ার সুযোগ পায়। যেহেতু সামনে ইলিশের ডিম ছাড়ার মূল সময় চলে আসছে, তাই বড় ইলিশগুলো এখন গভীর সাগর ছেড়ে নদীর মোহনার দিকে আসতে শুরু করেছে। এটি আমাদের ইলিশ সংরক্ষণের সুফল।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভোলার উপকূলীয় এলাকায় বড় সাইজের ইলিশ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে, যা জেলেদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে।

ট্যাগ: সারাদেশ