রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে ক্লাবে আসেন। পরে সুইমিংপুলে মেয়েকে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনের ভেতরে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা পর নিচতলায় সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তিনি ওই ক্লাবের নিয়মিত সদস্য ছিলেন এবং পরিবারের সঙ্গে বনানীতে বসবাস করতেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, `সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে সুইমিংপুলে আসেন। তিনি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, ওই ভবনের তিন তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে।'
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের বড় মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর দাফন সম্পন্ন করা হবে।
