দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক’ এক বিশেষ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের সভার বিষয়ে বিস্তারিত ব্রিফ করেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। এই সময়ে ডেঙ্গুর সংক্রমণ ও বিস্তার রুখতে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা, সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগকে শতভাগ সমন্বিতভাবে মাঠে কাজ করতে হবে। বিশেষ করে ঢাকার যেসব এলাকায় সংক্রমণ বেশি অর্থাৎ হটস্পটগুলোতে প্রতিরোধমূলক ও লার্ভিসাইড ছিটানোর কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
এডিসের প্রজননস্থল ধ্বংসে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, জনগণের সচেতনতা ছাড়া ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া অসম্ভব। তাই সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে একদিকে যেমন ওয়ার্ডে ওয়ার্ডে ও পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করতে হবে, অন্যদিকে প্রতি শুক্রবার জুমার খুতবায় ইমামদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বার্তা পৌঁছে দিতে হবে।
যুগপৎ ও দ্রুততম সময়ে ওষুধ ছিটানো এবং রোগী চিকিৎসায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে আন্তঃসংস্থা সমন্বয় আরও সুদৃঢ় করার নির্দেশ দেওয়া হয় বৈঠকে।
গুরুত্বপূর্ণ এই নীতি-নির্ধারণী সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (DNCC) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
