সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে চলাচলকারী ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৯ হাজার ২৬৯ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। গত শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে রিয়াদে যাওয়ার কথা ছিল। তবে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো ঢাকা থেকে এসব যাত্রী বহন করেনি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মুখে গত রোববার রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।
গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়।
গত দুই মাস ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। হুথিরা রিয়াদ বিমানবন্দরকে মূল লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর আগে হুথিরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, কোনো এয়ারলাইন্স সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করলে তার পরিণতি খারাপ হবে। এরপরই শনিবার রাজধানী রিয়াদের বিমানবিন্দরে বড় ধরনের এ হামলার ঘটনা ঘটে।
