দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)। এই কর্মসূচির ব্যাপক প্রচার ও সচেতনতা তৈরিতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১২ অক্টোবর থেকে একযোগে দেশের সব এলাকায় থানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এজন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সার্বিক অবস্থা যাচাই করবেন। সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে কোন পরিবারের সহায়তা আগে প্রয়োজন। তাই সবাইকে নির্ভুল ও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রচারণার অংশ হিসেবে মসজিদে জুমার খুতবার আগে তিন মিনিটের বিশেষ ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে আর্থিক প্রতারণা এড়াতে সতর্কবার্তা উচ্চারণ করা হবে। ফ্যামিলি কার্ড তালিকায় নাম ওঠানোর কথা বলে কেউ অর্থ দাবি করলে তা না দিতে এবং এসব কার্যক্রমে কোনো টাকা লাগে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে মন্দির, গির্জা ও প্যাগোডায় দুই মিনিটের ঘোষণায় সঠিক তথ্য প্রদানের পাশাপাশি কোনো প্রতারক অর্থ দাবি করলে জাতীয় জরুরি সেবা ‘১০৯৮’ নম্বরে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।
