বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী পাস দেওয়ার সংখ্যা সীমিত করা হচ্ছে। একই সঙ্গে দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনিক পদ পদবিভেদে কর্মকর্তা বা উপদেষ্টারা দিনে কতটি পাস ইস্যু করতে পারবেন, তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সভার কার্যপত্র অনুযায়ী, উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও বিশেষ সহকারীরা দিনে সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সচিব বা সিনিয়র সচিবেরা সর্বোচ্চ ৫টি, অতিরিক্ত সচিবেরা ৩টি এবং যুগ্ম সচিবেরা সর্বোচ্চ ২টি পাস দিতে পারবেন।
এর পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।
দর্শনার্থীদের প্রবেশ, গাড়ি চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিটি ভবনে পৃথক 'অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম' (প্রবেশাধিকার যাচাই ব্যবস্থা) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বিদেশি দর্শনার্থীদের জন্য আলাদা নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। এতে তাদের পরিচয়, আগমনের উদ্দেশ্য, সাক্ষাৎপ্রার্থী কর্মকর্তা বা দপ্তর এবং প্রবেশ ও বের হওয়ার তথ্য সংরক্ষণ করা হবে।
সচিবালয় সরকারের মূল প্রশাসনিক কেন্দ্র হওয়ায় এর নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা আনতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
