সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদের বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বিবৃতিতে বলা হয়, গত শনিবারের (১০ অক্টোবর) এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ সরকার নিহত বাংলাদেশিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বেসামরিক নাগরিকদের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’
হামলার ঘটনায় সৌদি সরকারের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
