ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন প্রসারে 'বাংলা কিউআর' ব্যবহারে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে বিশেষ প্রচারণা চালিয়েছে আইএফআইসি ব্যাংক। এ কর্মসূচিতে ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা, ব্যবহার পদ্ধতি ও নিরাপত্তার নানা দিক তুলে ধরা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর এবিসি কলোনি এলাকায় সচেতনতামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
উদ্বোধন শেষে গভর্নর স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নিজে বিডি কিউআর (বাংলা কিউআর) ব্যবহার করে কেনাকাটার মাধ্যমে উপস্থিত সবাইকে নগদবিহীন লেনদেনে উৎসাহিত করেন।
প্রচারণাকালে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের বিভিন্ন সুবিধা ও নিয়মাবলি ব্যাখ্যা করা হয়। সেই সঙ্গে কীভাবে নিরাপদ ডিজিটাল লেনদেন পরিচালনা করতে হয়, সে বিষয়েও ধারণা দেওয়া হয়।
দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে বাংলা কিউআরসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করছে কেন্দ্রীয় ব্যাংক। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ প্রচারণার আয়োজন করে আইএফআইসি ব্যাংক।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসূর মোস্তফা বলেন, ‘ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলা কিউআর ব্যবহারে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো প্রয়োজন। এ ধরনের প্রচারণার মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা আরও বাড়বে।’
