সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

রাজধানীতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
27 Sep, 2026 07:46 AM 5 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে স্টুডিওটিতে একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে জানিয়েছেন তিনি। সালমান মুক্তাদিরের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

নিউজ গ্রিন প্রপার্টিজের কার্যালয়ে অবস্থিত ওই স্টুডিওতে হামলার সময় সিসি ক্যামেরা, বিভিন্ন দামী যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় স্টুডিও থেকে কিছু মালামাল লুট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে ঘটনার সময় স্টুডিওর ভেতরে কোনো কর্মী না থাকায় কেউ আহত হননি।

ঘটনার পরপরই রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সালমান মুক্তাদির। সেখানে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে অনেক ক্ষতি হলেও তা সামলে নেওয়া সম্ভব। তবে আমার উদ্বেগ, যারা নতুন কাজ শুরু করছেন বা যাদের মনোবল আমার মতো শক্ত নয়, তারা এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন।’

সালমান আরও বলেন, ‘আমি নিজের শক্তিতে কাজ করে এসেছি, তাই আমি আবার ঘুরে দাঁড়াতে পারব। কিন্তু আমার চিন্তা হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ বা যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তারা কোথাও নিরাপদ কি না। কারও স্বপ্ন গড়ার জায়গাগুলো এভাবে ধ্বংস হলে তা মেনে নেওয়া কঠিন।’

হামলার কারণ সম্পর্কে সালমান মুক্তাদির বলেন, ‘ভবনের মালিকের সঙ্গে চাঁদাবাজি নিয়ে বিরোধ চলছিল। সম্ভবত সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জের ধরেই আমাদের এই স্টুডিওতে হামলা চালানো হয়েছে। মালিক পক্ষের কোনো বিরোধের বলি হতে হয়েছে আমাদের মতো সাধারণ মানুষকে।’

এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দেশের একজন নাগরিক হিসেবে নিরাপত্তাহীনতা অনুভব করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত হবেন বলে আশা করি। তিনি পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন—এটাই প্রত্যাশা।’

হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সালমান মুক্তাদির বলেন, ‘টাকা বা যন্ত্রপাতির ক্ষতি যা হওয়ার হয়েছে, তা নিয়ে পরে চিন্তা করব। এখন আমার মূল লক্ষ্য হলো আমার কর্মীরা যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাদের সাহস জোগানো এবং তাদের পুনরায় কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়া।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই সালমান মুক্তাদির তার স্টুডিও ‘ব্রাউনফিশ’-এর মাধ্যমে বিভিন্ন ডিজিটাল কনটেন্ট তৈরি করে আসছেন। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়েছে কি না, তা জানা যায়নি।

ট্যাগ: জাতীয়