সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নদের বিধ্বস্ত বিদায়, নেপথ্যে কোন্দল ও ব্যর্থতা

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
06 Sep, 2026 07:52 PM 6 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে শূন্য হাতে টুর্নামেন্ট শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচের একটিতেও জয় তো দূরে থাক, কোনো গোলই করতে পারেনি বাংলাদেশ।

উজবেকিস্তানে এই টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল বিপর্যয়কর। সিরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ হারের পরই ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করে বাফুফে। আজ সহকারী কোচ আতিকুর রহমান মিশুর অধীনে খেলতে নেমেও ভাগ্য বদলায়নি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে যুবারা। মাঠের লড়াইয়ে পুরো সময় দাপট ছিল ভারতেরই।

পুরো টুর্নামেন্টে তিন ম্যাচে আট গোল খেয়েছে বাংলাদেশ, বিপরীতে নেই একটি গোলও। চার দলের গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন সবার নিচে। এই ভরাডুবির কারণে আগামী বছর সরাসরি বাছাইপর্বে খেলার সুযোগও অনিশ্চিত হয়ে পড়ল। ফিফার নিয়ম অনুযায়ী, এবার সর্বনিম্ন ছয়টি দলকে আগামীবার ‘ডেভেলপমেন্ট কাপ’ খেলে আসতে হতে পারে।

তবে মাঠের এই ব্যর্থতার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে কোচের মধ্যকার দ্বন্দ্বকে। টুর্নামেন্টে যাওয়ার আগেই ঢাকায় ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সের সঙ্গে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর হাতাহাতির ঘটনা ঘটেছিল। একপর্যায়ে পুলিশ ডাকার মতো পরিস্থিতিও তৈরি হয়। এমন অস্থিতিশীল পরিবেশের মধ্যেই বাফুফে দুজনকে একসঙ্গে উজবেকিস্তান পাঠায়। দলের অভ্যন্তরীণ কোন্দল আর সমন্বয়হীনতার প্রতিফলনই দেখা গেছে মাঠের খেলায়।

ট্যাগ: খেলাধুলা