শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন

Writer
প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
24 Sep, 2026 05:07 PM 48 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখা) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. ফিরোজ আলম গোলদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফিরোজ আলম গোলদার নতুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের এখন থেকেই মনোযোগী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী বলেন, শুধু ভালো ফল নয়, শিক্ষাজীবনের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে নৈতিকতা ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান বলেন, একাদশ শ্রেণি শিক্ষাজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে। কলেজ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়মকানুন ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতেই এই আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

ট্যাগ: সারাদেশ