রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

কুবি শিক্ষকের সন্তান হত্যা ও দেশজুড়ে শিশু নিখোঁজ উদ্বেগ

Writer
বিশেষ প্রতিনিধি
19 Sep, 2026 09:17 PM 4 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

সন্তান নিখোঁজ হওয়ার পর তার ফেরার অপেক্ষায় পরিবারের প্রতিটি মুহূর্ত দুঃস্বপ্নে পরিণত হয়। তবে সেই অপেক্ষার শেষটা সব সময় সুখের হয় না—কুমিল্লায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তানের নির্মম পরিণতি তারই এক রক্তাক্ত উদাহরণ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে কোটবাড়ীর ভাড়া বাসা থেকে বের হয়। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতেই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা। সন্তানের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুল বার্তা পাঠান মা নাহিদা বেগম, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে। কিন্তু সব চেষ্টার পর শনিবার দুপুরে কুবির পাশের লালমাই পাহাড়ের এক নির্জন জঙ্গল থেকে অপ্রতীমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

অপ্রতীমের এই মর্মান্তিক মৃত্যু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং এটি দেশে শিশু নিখোঁজের একটি বড় ও উদ্বেগজনক চিত্রকে আবারও সামনে এনে দাঁড় করিয়েছে।

পুলিশ সদর দপ্তরের গত সেপ্টেম্বরের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রথম সাত মাসে দেশে মোট ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন শিশুকে উদ্ধার করা গেলেও এখনো ২ হাজার ৩৮ জন শিশুর কোনো খোঁজ মেলেনি।

পুলিশের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, নিখোঁজদের মধ্যে শূন্য থেকে নয় বছর বয়সী শিশু রয়েছে ৪৭৪ জন, যাদের মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ ৬৮ জন। আর ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরী নিখোঁজের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি—১৫ হাজার ২৪৩টি। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে পরিবার বা পুলিশ উদ্ধার করতে পারলেও ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, ছোট শিশুরা মূলত পথ হারিয়ে কিংবা বিভ্রান্ত হয়ে নিখোঁজ হয়। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে পারিবারিক মনোমালিন্য, অভিমান, পড়াশোনার চাপ, প্রেমের সম্পর্ক এবং অসৎ সঙ্গ বা বন্ধুদের প্ররোচনা মুখ্য কারণ হিসেবে উঠে এসেছে। শিশু-কিশোরদের গতিবিধি ও মানসিক পরিবর্তনের বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন থাকার তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগ: জাতীয়