রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

রাজধানীর মিরপুর-পোস্তগোলায় ৩ গাড়িতে আগুন

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
19 Sep, 2026 09:15 PM 5 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও পোস্তগোলা এলাকায় দুটি যাত্রীবাহী বাসসহ অন্তত তিনটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (উপপুলিশ কমিশনার) মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে ‘শিকড় পরিবহন’-এর একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ‘অভিজাত পরিবহন’-এর আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাজধানীর পোস্তগোলা সেনাক্যাম্পের সামনে আরও তিনটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিরপুর-১১ নম্বরের বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অন্য অগ্নিকাণ্ডগুলোর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করেন।

তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। নাশকতার উদ্দেশ্যেই এসব যানবাহনে আগুন দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও কাজ করছে ফায়ার সার্ভিস।

ট্যাগ: জাতীয়