চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ডিপি ওয়ার্ল্ডসহ দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বন্দরের দিকে যায়।
মিছিলটি পৌনে ১২টার দিকে বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করেন। মিছিলপূর্ব সমাবেশে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের ফটকে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালনের নতুন ঘোষণা দেন কমিটির নেতারা।
সমাবেশে বন্দরকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে নেতারা বলেন, বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনো অবস্থাতেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। বহুজাতিক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই জাতীয় সম্পদের দিকে নজর দিয়ে আসছে। এসব টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে মুনাফা বাইরে চলে যাবে, আর আশপাশে থাকা সামরিক, বেসামরিক ও জ্বালানি স্থাপনার কারণে জাতীয় সার্বভৌমত্বও ঝুঁকিতে পড়বে।
সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। তারা সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি, এনসিটি কোনোভাবেই ইজারা দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকারবিরোধী নয়, জনগণের সরকারকে জনগণের পক্ষে রাখার আন্দোলন।’ আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের ফটকে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।