কয়লার সংকটে এক মাস ধরে সীমিত উৎপাদনে ছিল ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। কয়লা সরবরাহ বাড়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উৎপাদন বাড়ছিল। তবে রাতে কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং আরও বেড়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা যায়, ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে আদানির কেন্দ্রটির উৎপাদন কমে যায়। গত মাসের শেষ দিকে দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল কেন্দ্রটি। বৃহস্পতিবার রাতে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়েছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমেছে।
ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানির বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে সেখানে। ২০১৭ সালে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কিনতে আদানির সঙ্গে চুক্তি করে পিডিবি। চাহিদা অনুযায়ী কেন্দ্রটি দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করেছে।
কেন্দ্রটির সঙ্গে যুক্ত দুজন কর্মকর্তা জানান, বয়লারে সমস্যা হওয়ায় একটি ইউনিট বন্ধ হয়েছে। বয়লার ঠান্ডা হতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর ত্রুটি মেরামতের কাজ শুরু হবে। ফলে উৎপাদন স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।
পিডিবি সূত্র বলছে, দুই মাসের বেশি সময় ধরে দেশে গ্যাসের সংকট তীব্র। এতে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট কমেছে। পাশাপাশি কয়লাভিত্তিক কেন্দ্রগুলোও পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। কয়লার সংকট ও কারিগরি সমস্যায় বিভিন্ন কেন্দ্রের উৎপাদন ব্যাহত হচ্ছে।
পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কিছুদিন ধরে কারিগরি সমস্যার কারণে বন্ধ। জেলার আরেকটি বিদ্যুৎকেন্দ্রেও কয়লার সংকট রয়েছে। বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রও কয়লার সংকটে উৎপাদন কমিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাপমাত্রা বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ছে, সঙ্গে বাড়ছে লোডশেডিং। বৃহস্পতিবার বেলা তিনটায় দেশে সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। শুক্রবার ছুটির দিন সকালেও সারাদেশে আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং ছিল।