জ্বালানি সংকটসহ বিভিন্ন দাবিতে বিরোধী দলের লংমার্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ‘বিরোধী দল বলে দেশে তেল নেই। তাহলে এত বড় লংমার্চ তারা কীভাবে হাজার হাজার গাড়ি নিয়ে করছে?’
শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন। নগরকান্দার স্থানীয় সংসদ সদস্য তিনি।
শনিবার সকালেই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করছে তারা।
এই কর্মসূচির প্রতি ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, বিরোধী দল নিজেরাও জানে দেশে কোনো সমস্যা নেই। কোনো ইস্যু না পেয়ে তারা এখন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বিরোধী দলকে রাজপথে বিশৃঙ্খলা না করে সংসদে এসে কথা বলার আহ্বান জানান।
চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার প্রধান হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফর। এবারের অধিবেশনে তিনি বিএনপি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় জাতীয় স্বার্থ বিশ্বদরবারে তুলে ধরবেন।’
শামা ওবায়েদ আরও বলেন, ‘এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নতুন যাত্রা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক। প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবেন।’
এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্ব করার বিষয়টি দেশের জন্য একটি বড় অর্জন এবং বাড়তি তাৎপর্য বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশ শেষে শামা ওবায়েদ নগরকান্দা এম এন একাডেমি স্কুল মাঠে গাছের চারা রোপণ করেন এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। এর আগে তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং কেন্দ্রীয় ও জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।